চিরতরে বন্ধ হয়ে গেল বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স

বিনোদন ডেস্ক।।
করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতির কারণে দেশের আর সব সিনেমা হলের মতো আপাতত বন্ধ রয়েছে মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। গত ২০ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় সিনেমা প্রদর্শন বন্ধ ছিলো। বসুন্ধরা সিটি শপিংমলে আর কখনোই খুলবে না স্টার সিনেপ্লেক্স।

স্টার সিনেপ্লেক্সের বিপণন ও জনসংযোগ কর্মকর্তা মেসবাহ উদ্দীন আহমেদ বলেন, ‘বেদনাদায়ক হলেও ঘটনাটি সত্যি যে বসুন্ধরা সিটিতে আর স্টার সিনেপ্লেক্স থাকছে না। কারণ বসুন্ধরা সিটি শপিংমলের কর্তৃপক্ষ আমাদের নোটিশ দিয়েছে সিনেপ্লেক্স বন্ধ করার জন্য। তাদের নতুন পরিকল্পনা রয়েছে শপিংমল নিয়ে। বাড়িওয়ালা যদি নোটিশ দেন চলে যাওয়ার জন্য তাহলে তো ভাড়াটিয়ার আসলে কিছু করার থাকে না। তবে আমাদের অন্য সবগুলো শাখাই চালু থাকবে।’

মেসবাহ উদ্দীন আহমেদ বলেন, ‘বসুন্ধরা সিটি দিয়েই আমরা যাত্রা করেছিলাম। ১৮টি বছর কেটেছে এখানে। দেশ-বিদেশের অনেক বড় বড় তারকা, গুণী মানুষেরা এখানে পা রেখেছেন। চলচ্চিত্র সাংবাদিকরা এই আঙিনাটি মুখরিত করে রাখতেন আড্ডায়। অনেক অনেক স্মৃতি আসলে। দেশের মানুষ সিনেপ্লেক্স বলতেই এই শপিংমলের স্টার সিনেপ্লেক্সকে বুঝতো। সিনেপ্লেক্সের অন্য যে শাখাগুলো রয়েছে সেগুলোতে সবাইকে আমন্ত্রণ জানাই আমরা। সেখানেও আতিথেয়তা বা আন্তরিকতার অভাব থাকবে না।’