ছেলেকে বাঁচাতে গিয়ে বুকে লাথি, প্রাণ গেল বাবার

অনলাইন ডেস্ক।।
মারপিটের হাত থেকে ছেলেকে রক্ষা করতে এসে হামলাকারীদের লাথিতে বুকে আঘাত পেয়ে প্রাণ হারিয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ওফাপুর গ্রামের রেজাউল ইসলাম (৫৫)। বুধবার (০৭ জুলাই) রাতে ওয়াপুরের বসন্তপুর মোড়ে নিহতের ছেলে রিপনের পোলট্রি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

পোলট্রি ব্যবসায়ী রিপন জানান, তার কাছে এলাকার কয়েক যুবক চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা না দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে বুধবার রাতে আমাদের দোকানে এসে হামলা করে। একই গ্রামের উজ্জ্বল হোসেন, আফজাল হোসেন, আজগর হোসেন, রুহুল আমিন, হৃদয়সহ বেশ কয়েক যুবক আমাদের মারপিট করতে থাকে।

তিনি বলেন, এ সময় তার বাবা রেজাউল ইসলাম তাকে ঠেকাতে এলে হামলাকারীরা তার বুকে লাথি মারে। তিনি পড়ে গিয়ে জ্ঞান হারান। কলারোয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

তবে প্রতিপক্ষের উজ্জ্বল হোসেনসহ অন্যরা জানান, রিপনের কাছে তার ১২০০ টাকা পাওনা ছিল। এই টাকা না দেওয়ায় ঝামেলা হয়। একপর্যায়ে রিপনের বাবা রেজাউল ইসলাম পড়ে গিয়ে প্রাণ হারান।

কলারোয়া থানার ওসি খায়রুল কবির জানান, রাতেই রেজাউল ইসলামের লাশ থানায় নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, এ ঘটনায় কোনো পক্ষই সকাল পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি।