ছেলে-মেয়েরা ঢাকায়, ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ

অনলাইন ডেস্ক।।
পুলিশের হাত থেকে বাঁচার কথা বলে ঘরে আশ্রয় নিয়ে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা মাকে ধর্ষণ করেছে মাদকাসক্ত যুবক। এ ঘটনায় মামলা দায়েরের এক ঘন্টার মধ্যেই অভিযুক্ত ধর্ষক জাকির সিকদারকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাত ২টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর আগরপুর গ্রামে ওই ধর্ষণের ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত অভিযুক্ত ধর্ষক জাকির সিকদার উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর গ্রামের খালেক সিকদারের ছেলে এবং মাদকাসক্ত একজন জুয়াড়ি। এ ঘটনায় ধর্ষিতা বৃদ্ধার ছেলে বাদী হয়ে ধর্ষণের অভিযোগে বাবুগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান সময়ের আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছেলে-মেয়েরা ঢাকায় থাকার কারণে ওই বৃদ্ধা উত্তর আগরপুর গ্রামের বাড়িতে একা থাকতেন। এই সুযোগে প্রায়ই স্থানীয় মাদকাসক্ত ও জুয়াড়ি জাকির সিকদার তার সহযোগীদের নিয়ে তাদের বাড়ির পাশের একটি টিনের ঝুপড়ি ঘরের মধ্যে তাসের আড্ডা বসাতো। সেখানে বসে জুয়া খেলা ছাড়াও মাদকসেবন করতো তারা।

বিষয়টি জানতে পেরে কিছুদিন আগে জাকির সিকদারকে বকাঝকা করেন এবং পরবর্তীতে বাড়িতে এসে আবার নেশা ও জুয়ার আসর বসালে পুলিশে জানিয়ে দেবার হুমকি দেন গৃহকর্ত্রী ওই বৃদ্ধা। এতে ক্ষিপ্ত হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখায়নি জাকির সিকদার।