জগন্নাথপুর থেকে মিশুক ছিনতাই, চালকের অচেতন দেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে যাত্রীবেশে ছিনতাইকারীরা একটি ইজিবাইক (মিশুক) গাড়ি ছিনতাই করে নিয়ে যায়। পরে মিশুক চালক ইমন মিয়া (১৮) অচেতন দেহ পাওয়া যায় বিশ্বনাথ উপজেলার রামপাশা ব্রিজের খাল পারে। সে জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর গ্রামের সাজু মিয়ার ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে মিরপুর যাওয়ার কথা বলে ইমন মিয়ার মিশুক গাড়ি রিজার্ভ করে অচেনা ৪ ব্যক্তি। পথিমধ্যে ঠান্ডা জাতীয় পানি খাইয়ে চালক ইমন মিয়াকে অচেতন করে গাড়ি নিয়ে পালিয়ে যায় যাত্রীবেশি ছিনতাইকারীরা। এ সময় চালক ইমন মিয়ার অচেতন দেহ ফেলে যায় বিশ্বনাথের রামপাশা ব্রিজের পাশে। রাতে স্থানীয় জনতার সহযোগিতায় অচেতন চালককে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনায় ১৮ সেপ্টেম্বর শুক্রবার আহত চালকের ভাই সেলিম মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।