‘জনরোষের ভয়ে সরকার সবসময় আতঙ্কিত’

অনলাইন ডেস্ক।।
ভোটারবিহীন অগণতান্ত্রিক সরকার জনরোষের ভয়ে সবসময় আতঙ্কিত থাকে বলেই সহিংস সন্ত্রাসকে আঁকড়ে ধরেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (০৫ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

‘নড়াইল জেলাধীন লোহাগড়া পৌর বিএনপির ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল জলিল মোল্লাকে গত কয়েকদিন আগে আওয়ামী দুস্কৃতিকারিরা নৃশংসভাবে কুপিয়ে হাতের কব্জি, দুটো পা ও শরীরের নানা অংশে গুরুতর জখমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে’ এ বিবৃতি দেয়া হয়।

মির্জা ফখরুল বলেন, ভোটারবিহীন অগণতান্ত্রিক সরকার জনরোষের ভয়ে সবসময় আতংকিত থাকে বলেই সহিংস সন্ত্রাসকে আঁকড়ে ধরেছে। এই কারণেই আব্দুল জলিল মোল্লাদের মতো নিবেদিতপ্রাণ মানুষদের দুনিয়া থেকে সরিয়ে দেয়ার জন্য ধারালো অস্ত্র নিয়ে সরকারদলীয় সন্ত্রাসীরা দেশের বিভিন্ন জনপদে রক্ত ঝরাচ্ছে। গণতন্ত্রশূন্য করে ক্ষমতাসীন গোষ্ঠী এখন বিরোধীদলশূন্য করার নীতি বাস্তবায়ন করছে চরম উৎসাহসহকারে। এই সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে অস্বাভাবিক মৃত্যু যেন প্রায় প্রতিদিনই বাংলাদেশের গণমাধ্যমে শীর্ষ সংবাদ হচ্ছে।

তিনি বলেন, রক্তাক্ত সহিসংতা ছাড়া সরকারি দলের নেতাকর্মীরা স্বস্তি পায় না। বিএনপি নেতাকর্মীদের ওপর পৈশাচিকভাবে আঘাত করার জন্য তারা নির্ঘুম রাত কাটায়। দিনে রাতে বিএনপি নেতাকর্মীদের যেখানেই পায়, সেখানেই আওয়ামী সন্ত্রাসীরা রক্তপিপাসুর ন্যায় আঘাত করতে ছুটে আসে। মূলত বর্তমান সরকার করোনা মহামারি, প্রলয়ংকারি বন্যা, ক্ষুধা, বেকারত্ব ইত্যাদির কারণে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি অন্যদিকে চোখ ফেরাতেই বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের ওপর আক্রমন চালিয়ে রক্তাক্ত করছে।

বিএনপি মহাসচিব বলেন, জলিল মোল্লার ওপর নৃশংস হামলা কাপুরুষোচিত, এটি বর্বোরোচিত হামলার এক বিভৎস দৃষ্টান্ত- হত্যার উদ্দেশ্যেই এই অমানবিক সন্ত্রাসী হামলা করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে জড়িত দুষ্কৃতিকারিদের দৃষ্টান্তমুলক শাস্তির জোর দাবি করছি।