জন্মদিনে মোমবাতিতে ফুঁ দিতে গিয়ে আগুন ধরলো চুলে

আন্তর্জাতিক ডেস্ক।।
জন্মদিন মানেই এক ধরনের উৎসব। মোমবাতিতে ফুঁ দিয়ে বা কেক না কাটলে যেন জন্মদিনই মনে হয় না। এই উৎসবে চারপাশে আপনজনদের নিয়ে সুন্দর মুহূর্ত কাটাতে চান সবাই। মার্কিন অভিনেত্রী নিকোল রিচিও এর ব্যতিক্রম নন। তিনিও তার জন্মদিনে মোমবাতিতে ফুঁ দিয়ে কেক কাটার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তার ৪০তম এই জন্মদিন যেন স্মরণীয় হয়ে থাকল।

তিনি মোমবাতিতে ফুঁ দেওয়ার সময় হঠাৎ তার চুলে আগুন লেগে যায়। আর এতে তিনি বেশ ঘাবড়ে যান। হাত দিয়েই আগুন নেভানোর চেষ্টা করেন। তবে অল্পের মধ্যেই রক্ষা পেয়েছেন নিকোল রিচি।

ইনস্টাগ্রামে ওই ঘটনার একটি ভিডিও পোস্ট করে নিকোল লিখেছেন, আচ্ছা… এখন পর্যন্ত ৪০। এরপরেই তিনি আগুনের ইমোজি দিয়েছেন।

তিনি এই ভিডিও পোস্ট করার পর পরই এতে ১৫ হাজারের বেশি কমেন্ট পড়েছে। ভিডিওটি রীতিমত ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে সিম্পল লাইফ টিভি সিরিজ খ্যাত এই অভিনেত্রীর সামনে যে কেকটি ছিল সেটাতে তার ছোটবেলার একটি ছবি এবং জন্মদিনের শুভেচ্ছা লেখা ছিল।

ওই ভিডিও পোস্টের পর অনেকেই জানতে চেয়েছেন তিনি ভালো আছেন কিনা। ২০১০ সালে জোল ম্যাডেনকে বিয়ে করেন নিকোল রিচি। তাদের দুই সন্তান রয়েছে।