জন্মদিনে শিষ্যদের শুভেচ্ছায় সিক্ত জেমি ডে

অনলাইন ডেস্ক।।
জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে’র ৪১তম জন্মদিন আজ। নিজের জন্মদিনে লন্ডনের বেক্সলেতে বসে বাংলাদেশ থেকে পেয়েছেন তার শিষ্যদের শুভেচ্ছা। এতে দারুণ খুশি এই ব্রিটিশ।

কি করছেন জন্মদিনে? প্রশ্ন করতেই লন্ডন থেকে জেমি ডে’র জবাব ‘বাচ্চাদের ফুটবল খেলা দেখছি।’ বাংলাদেশ থেকে কেউ আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়নি? ‘অবশ্যই। দলের প্রত্যেক ফুটবলার এবং স্টাফরা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। এটা খুবই ভালো লেগেছে আমার।’

স্ত্রী’র কাছ থেকে কি উপহার পেলেন? ‘কিলে (জেমির স্ত্রী) সাধারণত জামা-কাপড় দেয়। এবার তাই দিয়েছে’-জবাব জেমি ডের।

২০১৮ সাল থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্বে আছেন জেমি ডে। তার অধীনে বাংলাদেশ গত এশিয়ান গেমস ফুটবলে দ্বিতীয় পর্বে উঠেছিল। এই প্রথম এশিয়ান গেমসে গ্রুপ পর্ব টপকেছিল বাংলাদেশ।