‘জয় বাংলা’ জাতীয় স্লোগান, মন্ত্রিসভায় সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক।।
‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এখন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

রবিবার (২০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক এই সিদ্ধান্ত হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিব বলেন, ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার জন্য হাইকোর্টের একটি রায় আছে। মন্ত্রিসভায় এ নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সার্কুলার দিয়ে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে প্রচার করতে হবে।

তিনি বলেন, সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি, রাষ্ট্রের সব কর্মকর্তা-কর্মচারী, রাষ্ট্রীয় বা সরকারি অনুষ্ঠান শেষে ‘জয় বাংলা’ বলবেন। এছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসেম্বলি, সভা-সেমিনারের ক্ষেত্রে ‘জয় বাংলা’ বলতে হবে।

২০২০ সালে ‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে বলে রায় দিয়েছিলেন হাইকোর্ট।