জুটি হলেন কলকাতার ঋষি ও ঢাকার সাফা

বিনোদন ডেস্ক।।
এক সময় কলকাতার অভিনয়শিল্পীরা বাংলাদেশের নাটকে নিয়মিত অভিনয় করতেন। বাংলাদেশের সিনেমায় এই ধারা চলমান থাকলেও দীর্ঘদিন পর বাংলাদেশের নাটকে অভিনয় করলেন কলকাতার অভিনয়শিল্পী। নাম ঋষি কৌশিক। তিনি কলকাতার ধারাবাহিক নাটকের জনপ্রিয় অভিনেতা।

‘চিলেকোঠার ভালোবাসা’ নামে এই নাটকে তাকে দেখা যাবে সাফা কবিরের বিপরীতে। এটি লিখেছেন আফরিন জামান লীনা, পরিচালনায় রাকেশ বসু। গত রোববার থেকে শ্রীমঙ্গলে নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে। নাটকের গল্পে দেখা যাবে, ঋষি ভারতের একটি প্রতিষ্ঠানের স্থপতি। অফিসের প্রয়োজনে বাংলাদেশের শ্রীমঙ্গলে আসেন। কিন্তু হোটেলে না থেকে একটি বাসার চিলেকোঠায় ওঠেন। সে বাসাতেই থাকেন সাফা। তাদের দু’জনের পরিচয় পর্ব সুখকর না হলেও একসময় ভালোবাসা ও বিয়েও হয়। কিন্তু ক্যান্সারে মারা যায় সাফা। তবুও সাফাকে মনের মণিকোঠায় ঠাঁই করে রাখে ঋষি। এভাবে আরও কিছু ঘটনায় এগিয়ে যাবে নাটকটির কাহিনি।

ঋষি কৌশিক বলেন, অভিনয়ের জন্য প্রথম বাংলাদেশে এসেছি। এ দেশের প্রাকৃতিক সৌন্দর্যেও আমি মুগ্ধ। সাফা কবির বলেন, গতানুগতিক নয়, একেবারেই ভিন্নধর্মী একটি গল্প নিয়ে নাটকটি তৈরি হচ্ছে। নাটকটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন পরিচালক রাকেশ বসু।