জেলা নেতাদের সই জাল করে মির্জাগঞ্জে ছাত্রলীগের কমিটি গঠন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) উপজেলা।।
পটুয়াখালী জেলা ছাত্রলীগের অফিসিয়াল প্যাডে মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১২ টার দিকে সভাপতি মোঃ হাসান সিকদার ও সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক ভূঁইয়ার জাল স্বাক্ষরিত মোঃ খাইরুল আলম শাহিনকে সভাপতি ও মোঃ ইমরান হাওলাদারকে সাধারন সম্পাদক করে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের একটি কমিটি ফেসবুকে ভাইরাল হলে এ নিয়ে নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তীর সৃষ্টি হয়েছে।

বিষয়টি নজরে আসলে তাৎক্ষনিক জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাসান সিকদার ও সাধারণ সম্পাদক ওমর ফারুক ভুঁইয়া তাদের নিজস্ব ফেসবুক প্রোফাইলে, মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কোন কমিটি অনুমোদন দেয়া হয়নি এবং এটি একটি ভুয়া কমিটি আখ্যায়িত করে পোস্ট দেন।

এ ব্যাপারে খাইরুল আলম শাহীন বলেন, এই কমিটির বিষয়ে আমি কিছুই জানিনা। এটি একটি ভূয়া কমিটি।

এ ব্যাপারে ইমরান হাওলাদার বলেন, এ কমিটির ব্যাপারে আমি অবহিত নই। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল অপপ্রচার চালিয়ে আসছে। তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের জন্য জেলা ছাত্রলীগের কাছে জোড় দাবী জানাই।
জেলা ছাত্রলীগের প্যাডে জাল স্বাক্ষরিত মোঃ খাইরুল আলম শাহিন ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হাওলাদার দুজনেই সভাপতি পদ প্রত্যাশি।

পটুয়াখালী জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ হাসান সিকদার ও সাধারন সম্পাদক ওমর ফারুক ভূইয়া পৃথকভাবে সাংবাদিকদের বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মির্জাগঞ্জের যে কমিটি প্রচার করা হয়েছে সেটি একটি ভূয়া কমিটি। আমাদের সিলযুক্ত স্বাক্ষর স্ক্যান করে এটি করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৩ মার্চ মোঃ জহিরুল ইসলাম জুয়েলকে সভাপতি ও রাকিব মৃধাকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট্য কমিটি দেয়া হয়েছিল। অনেকবার কমিটি গঠনের উদ্যোগ নেয়া হলেও ৩ বছরে নতুন কমিটি না হওয়ায় এ ধরনের বিভ্রান্তী সৃষ্টি হচ্ছে বলে তৃনমূল কর্মীরা দাবী করেন।