ঝুঁকি নিয়ে ঈদে না যাওয়ায় মঙ্গলজনক: নৌপ্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক।।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রয়োজন ছাড়া আমরা যেন ঈদযাত্রা পরিহার করি। কারণ বেঁচে থাকলে অনেক ঈদ উদযাপনের সুযোগ পাবো। কাজেই জীবনের ঝুঁকি নিয়ে এই যাত্রায় না যাওয়ায় মঙ্গলজনক। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নৌপ্রতিমন্ত্রী বলেন, ঈদুল আজহা উপলক্ষে গণপরিবহন নিয়ে আমরা একটা সংকটের মধ্যে আছি। একদিকে করোনাভাইরাসের সংক্রমণ অপরদিকে বন্যা। এ রকম একটা পরিস্থিতিতে সড়ক, রেল, আকাশ ও নৌপথে সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে।

তিনি আরো বলেন, করোনাভাইরাসের প্রকোপের মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যতোটুকু সম্ভব সঠিক ব্যবস্থাপনা নিয়ে নৌপথে ঈদযাত্রাকে আমরা সুন্দর করতে চাই।

করোনাভাইরাসের প্রকোপের মধ্যেও আমাদের অর্থনীতি এগিয়ে চলছে দাবি করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, অনেকেরই এই অগ্রগতি সহ্য হচ্ছে না। তাই তারা সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে।