টানা তিন দিন যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত বৃদ্ধির রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক।।
টানা তিন দিন ধরে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড তৈরি হচ্ছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী গত শুক্রবার থেকে এই রেকর্ড তৈরি হতে শুরু করে। বিশ্ববিদ্যালয়টির তথ্য অনুযায়ী, বিগত ২৪ ঘণ্টায় দেশটিতে এক লাখ ২৭ হাজারের বেশি আক্রান্ত হওয়ার পাশাপাশি এক হাজার ১৪৯ জনের মৃত্যু হয়েছে।

টানা তিন দিন ধরে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের রেকর্ড তৈরি হওয়ার দিনেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে সর্বশেষ তিনিই আক্রান্ত হলেন। করোনা মহামারিতে সবচেয়ে বেশি আক্রান্তের দেশ যুক্তরাষ্ট্র। দেশটির প্রায় ৯৭ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। পাশাপাশি মৃত্যু হয়েছে দুই লাখ ২০ হাজারের বেশি মানুষের।

গত ৩ নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম ইস্যু ছিলো করোনাভাইরাস মহামারি। ট্রাম্প সমালোচকদের অভিযোগ প্রেসিডেন্টের নীতির কারণেই দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত বেড়েছে। এছাড়া অনেকেই মনে করছেন মহামারির কারণেই দেশটিতে ডাকযোগে ভোট পাঠানো এবং আগাম ভোট দেওয়ার প্রবণতা বেড়েছে।

সম্প্রতি করোনায় আক্রান্ত হওয়া হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস অক্টোবরের শেষ দিকে এক সাক্ষাৎকারে বলেন, তারা মহামারি নিয়ন্ত্রণ করবেন না। এর আগে করোনায় আক্রান্ত হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং পুত্র ব্যারন ট্রাম্প। এছাড়াও আক্রান্ত হন দেশটির ন্যাশনাল সিকিউরিটি উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন, সিনিয়র উপদেষ্টা স্টিফেন মিলার এবং হোয়াইট হাউসের উপদেষ্টা হোপ হিকস।