‘টিকা গ্রহণকারীরাও ছড়াতে পারে করোনা’

আন্তর্জাতিক ডেস্ক।।
করোনার টিকার পূর্ণ ডোজ নেওয়া ব্যক্তিরা এই ভাইরাসে আক্রান্ত হলে তারাও সংক্রমণ ছড়াতে পারেন।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক ড. রিশেল ওয়ালেনস্কি একথা বলেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।

ড. রিশেল ওয়ালেনস্কি বলেন, কাউকে টিকা দেওয়া হয়নি বা টিকা দেওয়া যাচ্ছে না, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন কারো সঙ্গে দেখা করতে গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। তা না হলে সে ঝুঁকিতে পড়বে।

তিনি বলেন, ডেল্টা ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রে বিপজ্জনকভাবে সংক্রমণ বাড়িয়ে দিয়েছে। আমেরিকানরা যদি টিকা না নেন এবং মাস্ক না পরেন তাহলে সংক্রমণ আরও বেড়ে যাবে এবং প্রতিদিন কয়েক লাখ মানুষ আক্রান্ত হতে পারেন।

সিডিসির একটি গবেষণার ফলাফলে দেখা যায়, ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত টিকা নেওয়া ও না নেওয়া ব্যক্তিরা সমানভাবে সংক্রমণ ছড়ায়।