টিকা গ্রহণের আগেই সার্টিফিকেট পেয়েছেন তিনি!

অনলাইন ডেস্ক।।
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় টিকা গ্রহণের আগেই হাতে পেয়েছেন সার্টিফিকেট। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক লোক এসে অভিযোগ করেন যে, তিনি করোনার টিকা গ্রহণ করেননি। শুধু রেজিস্ট্রেশন করেছেন। কিন্তু টিকা গ্রহণের জন্য মোবাইলে আসা নাম্বার অনুযায়ী রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করলে তাতে দেখেন তার টিকা দেয়া হয়ে গেছে। টিকা গ্রহণের তারিখ ও টিকা কোম্পানির নামও আছে।

টিকা না দিয়ে সার্টিফিকেট পাওয়া লোকের নাম আহাম্মদ উল্যাহ (৬০)। তিনি হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পূর্ব জোড়খালী গ্রামের আনোয়ার আহাম্মদের ছেলে। তার টিকা গ্রহণের রেজিস্ট্রেশন নাম্বার হলো ২০৭৫০৪৬০৪২৬১৩৩১১২৩। আর টিকা গ্রহণের সার্টিফিকেটের নাম্বার হলো বিডি৭৫০৩৭২৬৯২৭৯৬।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাজিম উদ্দিন জানান, ঘটনাটি আমি শুনেছি। এখন তাকে একই রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দেয়ার জন্য বলেছি।

জানা যায়, এ বছর ফেব্রুয়ারি মাসে টিকা গ্রহণের জন্য তারা স্বামী-স্ত্রী দুজনের রেজিস্ট্রেশন করেন অনলাইনে। মোবাইলেও ম্যাসেজ আসে। কিন্তু পারিবারিক ব্যস্ততার কারণে তাদের টিকা দেয়া হয়নি। গত শনিবার সকালে টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট দিয়ে দেখেন স্ত্রীর কার্ড ঠিক আছে। কিন্তু তার নিজের (স্বামীর) কার্ডে টিকা গ্রহণের দিন-তারিখ উল্লেখ রয়েছে।

তার অভিযোগের পর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তার হস্তক্ষেপে রেজিস্ট্রেশন কার্ডটি হাতে লিখে সংশোধন করে টিকার প্রথম ডোজ দেয়া হয়।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাজিম উদ্দিন বলেন, এ ধরনের ঘটনা এর আগেও আরেকজনের সঙ্গে ঘটেছে। আমরা তাকেও রেজিস্ট্রেশন কার্ডে হাতে লেখে সংশোধন করে টিকা দিয়েছি।