টেন্ডার ছাড়াই ভান্ডারিয়ায় মাদরাসার শতাধিক গাছ কর্তন

ভান্ডারিয়া প্রতিনিধি।।
পিরোজপুরের ভান্ডারিয়ায় জুনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার শতাধীক গাছ প্রকাশ্য দিবালোকে অবৈধ ভাবে কেটে বিক্রি করেদিয়েছে স্থানীয় প্রভাবশালী মহল।

জানা গেছে, কোন প্রকার টেন্ডার ছাড়াই গত কয়েক দিনে প্রকাশ্য দিবালোকে উপজেলার তেলিখালী ইউনিয়নের জুনিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সভাপতি স্থানীয় প্রভাবশালী নুরুল আমিন এর নির্দেশে দাতা সদস্য নাসির উদ্দিন তালুকদার ও নৈশ প্রহরী হাবিবুর রহমান ও তার ছেলে শফিকুল তালুকদার মাদরাসার চার পাশের শতাধিক ছোট-বড় গাছ কেটে প্রায় দেড় লাখ টাকায় স্থানীয় আ: হামিদের কাছে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ উঠছে। গাছ কেটে খালে ও সামনে স্তুপ করে রাখা হয়েছে।

গাছ কর্তন ও বিক্রির বিষয়টি সভাপতি জানেন বলে নৈশ প্রহরী হাবিবুর রহমান স্বীকার করে বলেন, গাছ তাদের মালিকানায় রোপন করা। এ বিষয়ে জুনিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি নুরুল আমিনের কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে জানান, মাদরাসার গাছ কাটার ব্যাপারে তিনি কিছুই জানেনা বলে বিষয়টি এড়িয়ে যান। গাছ কাটার বিষয়টি মাদ্রাসা সুপার মাওলানা বেলায়েত হোসেন স্বীকার করে বলেন এ ঘটনায় আজ বুধবার মাদ্রাসায় মিটিং চলছে।

এ ব্যাপারে ভান্ডারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জহিরুল ইসলাম বলেন, ঘটনাটি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য উর্ধ্বতন দপ্তরে সুপারিস করা হবে।