ট্রাকের ধাক্কায় বিটিভির সাংবাদিক জিহাদ আহত

গণমাধ্যম ডেস্ক।।
রাজধানীর কাকরাইলে ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাংগঠনিক সম্পাদক ও বিটিভির রিপোর্টার জিহাদুর রহমান জিহাদ। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২১ মে) সকাল ১০টার দিকে কাকরাইল মোড়ে একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালে তার সঙ্গে থাকা সাংবাদিকরা জানান, তিনি সকাল ১০টার দিকে বাসা থেকে বের হয়ে সেগুনবাগিচা যাচ্ছিলেন। কাকরাইল মোড় অতিক্রম করার সময় একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নিয়ে যাওয়া হয় ঢামেকে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদ জানান, সাংবাদিক নেতা জিহাদ সকাল ১০টার দিকে বাসা থেকে বের হয়ে সেগুনবাগিচা যাচ্ছিলেন। কাকরাইল মোড় অতিক্রম করার সময় একটি বেপরোয়া কাভার্ডভ্যান তার মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে গাড়ির একাংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে তার বুকে, মুখমণ্ডল এবং চোয়াল থেতলে যায়। তার একটি দাঁতও ভেঙে যায়।

বর্তমানে তিনি ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তিনি ডান চোখ, নাক, মুখ ও দুইহাত ছাড়াও শরীরের বিভিন্নস্থানে আঘাত পেয়েছেন।

ঘটনার পর পরই ট্রাকটি পুলিশ আটক করেছে বলে জানা গেছে।