ডাবল সেঞ্চুরি করে থামলেন হৃদয়

স্পোর্টস ডেস্ক।।
বাংলাদেশ ক্রিকেট লিগে ১৫৯ রান নিয়ে চতুর্থদিন মাঠে নেমেছিলেন তৌহিদ হৃদয়। অপেক্ষায় ছিলেন কখন প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পাবেন। বুধবার (২২ ডিসেম্বর) লাঞ্চ বিরতির আগে কাঙ্ক্ষিত সেই ডাবল পেয়েও যান তিনি। শেষ পর্যন্ত ২১৭ রানে থেমেছেন যুব বিশ্বকাপজয়ী দলের এই ব্যাটার।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩৭৪ বলে ১৫টি চার ও ৩টি ছয়ের মারে ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তৌহিদ। তার জন্য দিনটি অবশ্যই স্মরণীয়। পাকিস্তানের বিপক্ষে টেস্টে তাকে নিয়ে একরকম আলোচনা ছিল। দলে ডাক না পেলেও হতোদ্যম হয়ে যাননি। বরং দলে ডাক পাওয়ার দাবিটা আরও জোড়ালো করেছেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে আগে কখনোই সেঞ্চুরি ছিল না তৌহিদের। শেষ পর্যন্ত প্রথম সেঞ্চুরি পাওয়ার ম্যাচেই ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন। ৩৮৭ বলে ১৬ চার ও ৪ ছক্কায় হৃদয় নিজের ইনিংসটি সাজিয়েছেন।

হৃদয়ের ডাবল সেঞ্চুরি ও অমিত হাসানের সেঞ্চুরিতে ৪৯৯ রান করেছে দক্ষিণাঞ্চল। অমিত ৩৭৩ বলে ১৩১ রান করেছেন। উত্তরাঞ্চল তাদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ৬২ রান তুলতেই ম্যাচটি নিস্প্রাণ ড্রয়ে পরিণত হয়।

এর আগে দক্ষিণাঞ্চলের বোলার নাসুম আহমেদের ঘূর্ণিতে উত্তরাঞ্চল প্রথম ইনিংসে করেছে ৩৮৫ রান। দলের হয়ে নাঈম ইসলাম সর্বোচ্চ ১৩৭ রানের ইনিংস খেলেছেন। এছাড়া মাহিদুল ইসলাম অঙ্কন ৭৬ রান ও শরিফউল্লাহর ব্যাট থেকে আসে ৫৬ রান।