‘ডিজিটাল বরিশাল অ্যাপ’ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক।।
মুজিববর্ষ উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন- এর উদ্যোগে ‘ডিজিটাল বরিশাল অ্যাপ’ এর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক বরিশাল এসএম অজিয়র রহমান। বুধবার (১৯ আগস্ট) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক এর কারিগরি সহযোগিতা এর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ মহোদয়, বিটিসিএল বরিশালের উপ-মহাব্যবস্থাপক মোঃ শামীম ফকির, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বরিশালের আঞ্চলিক পরিচালক জনাব মোঃ মনিরুল ইসলাম, বাংলাদেশ বেতার বরিশালের আঞ্চলিক পরিচালক মোঃ আনসার উদ্দিন মহোদয়, ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্ক এর সিইও মেঃ জিহাদ রানা, এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস। পরে ডিজিটাল বরিশাল অ্যাপ এর বিভিন্ন ফিচার নিয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

জেলা প্রশাসক বলেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে বাংলাদেশ।

তিনি আরো বলেন, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে তথ্যপ্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে ২০০৯ সালে আওয়ামী লীগ দ্বিতীয় বারের মতো সরকার গঠন করে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের ফলে এখন তথ্যপ্রযুক্তির বিভিন্ন সেবা তৃণমূল পর্যায়েও জনগণের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্পসহ প্রায় সকল খাতে ডিজিটাল রূপান্তর ঘটিয়ে বাংলাদেশ ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার পথে দৃপ্ত পদক্ষেপে অগ্রসর হচ্ছে।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ, যাতায়াত ব্যবস্থা, পর্যটন ইত্যাদির তথ্য নিয়ে ডিজিটাল বরিশাল অ্যাপটি তৈরি করা হয়েছে। স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে বিশেষ মেনু এ অ্যাপে সংযোজন করা হয়েছে। যে কোন গঠনমূলক পরামর্শ দেওয়ার জন্যেও আলাদা মেনু এ অ্যাপে রাখা হয়েছে। অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীগণ গুগল প্লে স্টোর থেকে এ অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। আশা করছি, তথ্যপ্রযুক্তিভিত্তিক অ্যাপটি সকলের নিকট সমাদৃত হবে এবং ডিজিটাল বরিশাল বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে।