তজুমদ্দিনে মাতৃত্বকালীন ভাতা কার্ডের নামে প্রতারণা, প্রতিবাদ করায় হামলা

তজুমদ্দিন প্রতিনিধি, ভোলা॥
ভোলার তজুমদ্দিনে সাবেক এক মহিলা মেম্বারের স্বামী বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতার কার্ড না দিয়ে প্রতারণা করে অর্থ নেয়া অভিযোগ পাওয়া গেছে। পরে ওই পরিবারটি ভাতার জন্য দেয়া টাকা চাইতে গেলে হামলা চালায় মহিলা মেম্বারের স্বামীর নেতৃত্বে একদল সন্ত্রাসী। এঘটনায় তারা তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, ২ বছর আগে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার কানন বেগমের স্বামী মোঃ আব্দুল জলিল গোলাকপুর ৩নং ওয়ার্ডের বেলায়েত হোসেনের ছেলে মোঃ নিরব হোসেনের স্ত্রীকে মাতৃত্বকালী ভাতার কার্ড করে দিবে বলে ৩ হাজার টাকা নেয়। পরে জলিল ভাতার কার্ড করে দিতে না পারায় নিরব তার টাকা চায়। ২ বছর পর্যন্ত জলিল টাকা দেই দিচ্ছি বলে ঘুরাতে থাকেন।

গতকাল (২৮ অক্টোবর) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শম্ভুপুর ইউনিয়নের ছোট ডাওরী জলিলের স-মিলের কাছে নিরব টাকা চাইতে গেলে মোঃ আব্দুল জলিল, জামালসহ ৪/৫ মিলে নিরবের উপর হামলা চালায়। হামলায় নিরব গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় তিনি তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ করেন।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ এস.এম জিয়াউল হক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।