তুমি আমার

তুমি আমার
-এ কে সরকার শাওন

তুমি আমার অতি আপনার
ডোরহীন বন্ধন ভালে!
ভোরের সূর্যের আলোর ঝিলিক
রক্তিম সূর্য অস্তাচলে!

পূর্ণিমা রাতে মায়াবী জ্যোছনা,
তারকারাজি অসীম তিমিরে!
সাগর সঙ্গমে উর্মিমালা
দূরন্ত বাতাস বালুচরে!

তুমি আমার কথা কবিতা
মনের বীনায় চেনা সুর!
টিনের চালে বৃষ্টি বিলাস
উদাসী হাওয়ার দুপুর!

শিউলীমালা কাশফুল তুমি
শারদ সম্ভাবনায় ভরপুর!
তপ্ত বৈশাখে কুলফিবরফ
হিমেত শীতে রোদ্দুর!

ধূ-ধূ ধূসর বিরান প্রান্তে
চোখে রোদ চশমা!
গাঢ় নীলে মেঘের ভেলা
ভুবনমোহিনী নিরুপমা!

কোমল কদম ফুল তুমি
প্রিয় বর্ষায় সতেজ উপমা!
ঘন সবুজে লাল কৃঞ্চছূড়া
চির বসন্ত রমরমা!

অগ্রহায়ণে ধানের গোলা,
উৎসব পার্বণের অন্তঃপ্রান!
মাঝ সাগরে সুরম্য ধনুষ্কোডি
জগলুর উদাসী গান!

মন ভোলানো প্রজাপতি
তিমিরে ঔষধি হাসি!
নিঝুম সন্ধ্যায় কলকাকলী
নিশুতি রাতের বাঁশী!

পত্রকুঞ্জে আলোক রশ্মি
শুনশান গুলশানে কূজন!
শতকোটি মানুষের ভীড়ে
ধরাতলে বিরল স্বজন!

আলো-ছায়ার চির লুকোচুরি
রেল লাইন চির সমান্তরাল!
আলো নও মরুর আলেয়া
বুকে বিঁধা রক্তাক্ত ফাল!

কবিতাঃ তুমি আমার
কাব্যগ্রন্থঃ আলো-ছায়া
এ কে সরকার শাওন

শাওনাজ, উত্তরখান, ঢাকা।
৮ অক্টোবর ২০২১