তৃতীয় বিয়ের একদিন আগে ফ্ল্যাটে মিলল সৌদি প্রবাসীর লাশ

অনলাইন ডেস্ক।।
তৃতীয়বার বিয়ে করতে যাওয়ার একদিন আগে কুমিল্লায় একটি ফ্ল্যাট থেকে সৌদি প্রবাসী মজিবুর রহমান স্বপনের (৫২) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৭ জুলাই) দিবাগত গভীর রাতে নগরীর বজ্রপুর এলাকার প্রবাসী নামের ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট বাসা থেকে ওই প্রবাসীর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত স্বপন নাঙ্গলকোট উপজেলার আশারকোটা গ্রামের মাওলানা আব্দুল গফুরের ছেলে।

বৃহস্পতিবার (০৮ জুলাই) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর বজ্রপুর এলাকার ওই ফ্ল্যাটে প্রবাসী মজিবুর রহমান স্বপন ভাড়া থাকতেন। আগে এক ছেলের জননী প্রথম স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। ওই স্ত্রীর ঘরে তার দুই সন্তান রয়েছে। প্রায় তিন বছর আগে দ্বিতীয় স্ত্রী মৃত্যুবরণ করেন।

দীর্ঘদিন পর আগামী শুক্রবার নাঙ্গলকোট উপজেলার নগরীপাড়া গ্রামে তার তৃতীয় বিয়ে হওয়ার কথা ছিল। এ উপলক্ষ্যে গত মঙ্গলবার বিয়ের কিছু কেনাকাটা শেষে তিনি রাতে ওই ফ্ল্যাটে অবস্থান করছিলেন।

বুধবার সকাল থেকে দিনভর তাকে ফোন করা হলেও রিসিভ না করায় স্বজনরা নগরীতে আসেন। রাতে ওই ফ্ল্যাটের দরজার সিটকিনি ভেঙে স্বজনরা ঘরে প্রবেশ করে মরদেহ খাটে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে গভীর রাতে ওই ফ্ল্যাট থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। তবে তার মৃত্যু কীভাবে হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।