তোমার বিরহে

তোমার বিরহে
-হেলেন রহমান আঁখি

জীবন- জীবিকার প্রয়োজনে
যেদিন থেকে তুমি গিয়েছ
দু’ চোখের আড়ালে
সেদিনের পর হতে
ঠিকমত খেতে পারি না!

রাতে দু’ আঁখিতে ঘুম আসে না
কোন কাজ করতে ভালো লাগে না
কথা বলতেও লাগে বিরক্ত
ধৈর্য গিয়েছে বলতে গেলে কমে
একমাত্র সন্তানের প্রতিও
আগ্রহ কেমন যেন পেয়েছে হ্রাস
নিজেকে সাজাই না বাহারী ঢংয়ে

ভালো লাগে না ততটা
কবিতা লিখতে, বই পড়তে
কিংবা যেচে- সেধে হতে মন চায় না
তেমন একটা আলাপীজন
প্রয়োজনীয় যেকোন উপলক্ষে।

কি হলো আমার!
তোমায় এত ভালোবাসি
মুখে কয়ে পারব না বোঝাতে!

যদি তুমি জানতে
তুমি আমার কতটা প্রিয়,
কেমন প্রত্যাশার
তবে নিজেকে ভাবতে এতটাই
সৌভাগ্যের অধিকারী
যাতে আমি ছাড়া অন্যকারো
নিজেকে ভাবতে না গুণগ্রাহী।

একটা মানুষ তোমায় করে
এমনভাবে অনুভব যে
তুমি দূরে আছ
দেখতে পায় না বলে
থেমে গেছে তার উচ্ছ্বাস আবেগ!

নিষ্প্রাণ হয়ে পড়ে থাকে শুধু
তোমার বিরহে।
ছোট্ট এজীবনে প্রতিদিনকার পথে
মানব হয়ে জন্ম লয়ে
আর কি চাও উপঢৌকন
” বিধাতার” তরফ হতে?

সবার জীবনে থাকে না প্রিয়জন
আসে না সত্যিকারের প্রেম
তুমি হলে নিঃসন্দেহে অনন্য
কেননা কেউ একজন
তোমায় ভালোবাসে এতবেশি
করতে পারে কেবল তোমার তরে
যা কিছু আছে তার
সবটুকুকেই বিসর্জন।