দক্ষিণ সুনামগঞ্জে বন্যার পানিতে পড়ে শিশুর মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বন্যার পানিতে পড়ে ৪ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। শিশুর নাম হুসাইন আহমদ (৪)। সে উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনী গ্রামের মোঃ রজব আলীর ছেলে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় বসত ঘরের বারান্দায় বন্যার পানি থৈ থৈ করছে তখন এই শিশুটি খেলা করতে করতে এসে পানিতে পড়ে। তাৎক্ষণিক শিশুটির বাবা মা এসে তাদের উদ্ধার করে রাতে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সৈকত দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনদফা এই আকস্মিক বন্যায় সুনামগঞ্জের মানুষজনের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি জানমালেরও ক্ষতি হয়েছে। এই শিশুর মৃত্যুটি তাৎক্ষনিক দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় শনিবার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।