‘দরকার পড়লে একটু হরলিক্স খা’, সোহমকে বললেন দেব

বিনোদন ডেস্ক।।
‘মা একটু হরলিক্স দাও না, চেটে চেটে খাব। ’ বছর চারেকের ‘মাস্টার বিট্টু’-র মুখের এই সংলাপ মিম হয়ে ফিরে এসেছে ৩ দশক পরে। এর মধ্যে ছোট্ট বিট্টু আর ছোট্টটি নেই। এখন তিনি সোহম চক্রবর্তী। টলিউডের নায়ক, তৃণমূল কংগ্রেসের নেতা। ২ পুত্রসন্তানের বাবাও বটে। তাই বলে কি বাংলার ‘হরলিক্স বয়’-এর জীবন থেকে ফিকে হয়ে যাবে ‘হরলিক্স’-এর মহিমা? কখনই নয়। তাই সোহমের সতীর্থ দেবই তাকে মনে করিয়ে দিলেন করোনা থেকে বাঁচতে প্রয়োজনে আবারও হরলিক্স খাওয়ার কথা।

গত বছরে বিবাহবার্ষিকী উপলক্ষে করা সোহমের একটি পোস্ট হঠাৎ করেই আবার ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। স্ত্রী তনয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। সোহম জানিয়েছিলেন, দাম্পত্য জীবনের অষ্টম বছরে পা রেখেছেন তারা। সোহমের এই পোস্টে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়েছিলেন দেব।

অবশ্য শুধু শুভেচ্ছাবার্তা দিয়েই থেমে যাননি দেব। তার আগে বন্ধুকে বাতলে দিয়েছিলেন করোনা থেকে বাঁচার উপায়। দেব লিখেছিলেন, ‘আরও ৮০ বছর কাটানোর জন্য সাবধানে থাক। বেশি বেরোস না। নিজের খেয়াল রাখ। দরকার পড়লে একটু হরলিক্স খা’।

সোহমের এই পোস্টটি নতুন করে ছড়িয়ে পড়েছে আন্তর্জালে। রাজনীতির ময়দান, স্টুডিও পাড়ার লাইট-ক্যামেরা-অ্যাকশনের বাইরে দেবের এই খুনসুটি হাসির খোরাক জুগিয়েছে নেটিজেনদের।