দাদার বিরুদ্ধে ৫ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার সদর উপজেলায় ৫ বছরের এক শিশু কন্যাকে যৌন হয়রানির অভিযোগে মতি সিকদার (৫০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। থানা সূত্রে জানা যায়, বরগুনায় চাচাতো দাদা কর্তৃক ৫ বছরের শিশু নাতিকে যৌন হয়রানি করার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। ঘটনাটি ঘটেছে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের খাজুরা গ্রামে।

বুধবার দুপুরে ভুক্তভোগী কন্যা শিশুটি তাদের বাড়ির আঙিনায় খেলা করছিলো। পরে তার চাচাতো দাদা মতি সিকদার তাকে ডেকে নিয়ে যৌন হয়রানি করেন। শিশুটির মা বাড়িতে না থাকায় এঘটনাটি ঘটে। মা বাড়িতে আসলে তার কাছে শিশুটি সবকিছু খুলে বলে। পরে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শিশুটির মা কোন উপায় না পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটুকে বিষয়টি জানান এবং পরে চেয়ারম্যান শিশুটিকে বরগুনা সদর থানায় নিয়ে আসতে বলেন।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, আমি বিষয়টি নিশ্চিত হয়েছি এবং নিশ্চিত হওয়ার পরে ভিকটিম ও তার মা থানায় আসে। পরে তাদের মুখ থেকে আমি বিস্তারিত শুনেছি।

তিনি আরও বলেন, ভিকটিম শিশুটিকে আমরা চিকিৎসার জন্য দ্রুত বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেছি এবং এব্যাপারে মতি সিকদার (৫০) নামের এক জনকে আসামী করে একটি মামলা রেকর্ডভুক্ত করা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।