দীপিকার সিদ্ধান্তে বিচলিত ভক্তরা

বিনোদন ডেস্ক।।
বছরের শেষ দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের কোনো বিচরণ। উল্টো রাতারাতি সোশ্যাল মিডিয়া থেকে সব ধরণের পোস্ট মুছে ফেললেন। ইনস্টাগ্রাম, টুইটার কিংবা ফেসবুক, কোথাও দীপিকার কোন পোস্ট আর নেই।

অবশ্য প্রোফাইল রয়েছে। কিন্তু কেন এমন করলেন এই তারকা? তার এই কাণ্ডে তুমুল ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা ৫২.৫ মিলিয়ন আর টুইটারে ২৭.৭ মিলিয়ন।

দীপিকার এই কাণ্ডে চুলচেরা বিশ্লেষণে নেমেছেন নেটিজেনদের একাংশ। তারা মনে করছেন, হয়তোবা তার অ্যাকাউন্টগুলি হ্যাক হয়েছে। অপর অংশ মনে করেছেন, নতুন বছরেই হয়তো নতুন প্রজেক্ট ঘোষণা করবেন এজন্যই দীপিকার এই কৌশল হতে পারে।

তবে অভিনেত্রী বা তার টিম এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেন নি। পোস্ট সরিয়ে দিলেও নির্দিষ্ট সময়কাল পর্যন্ত দীপিকার ইনস্টাগ্রাম স্টোরিগুলি দেখা গিয়েছে, তার অ্যাকাউন্টটিও বর্তমান রয়েছে।

গেলো ২০২০ সালটি মোটেও সুখকর হয়নি দীপিকার। সুশান্তের মৃত্যুতে মাদককাণ্ডে নাম জড়ায় দীপিকার। সেই নিয়ে জিজ্ঞাসাবাদের মুখে পড়েন নায়িকা। এমনকী তার ফোন পর্যন্ত বাজেয়াপ্ত করে এনসিবি।

তবে মাদককাণ্ডে নাম জড়ালেও দীপিকা কিন্তু কর্মব্যস্ত। শকুন বাত্রার ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পাণ্ডের সঙ্গে দেখা যাবে এ অভিনেত্রীকে। এই ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। পাশাপাশি যশ রাজের পাঠানে শাহরুখের নায়িকা হিসাবে দেখা মিলবে দীপিকার। চলতি বছরের প্রথমার্ধেই মুক্তি পাওয়ার কথা রয়েছে রণবীর-দীপিকা জুটির ৮৩। সূত্র-এনডিটিভি।