দুর্দান্ত জয়ে মৌসুম শেষ করল বার্সা

স্পোর্টস ডেস্ক।।

লা লিগা শিরোপা হাতছাড়া হয়েছে এক ম্যাচ আগেই। তাই মৌসুমের শেষ লিগ ম্যাচটি কোনো রকম চাপ ছাড়াই খেলতে নামে বার্সেলোনা। তবে শেষ ম্যাচে স্বরূপে দেখা গেছে বার্সেলোনাকে। জোড়া গোল করলেন লিওনেল মেসি। জালের দেখা পেলেন আনসু ফাতি, লুইস সুয়ারেস ও নেলসন সেমেদো। আলাভেসের মাঠে রোববার (১৯ জুলাই) লিগের শেষ রাউন্ডে ৫-০ গোলে জিতেছে গত দুবারের চ্যাম্পিয়নরা।

খেলার ২৪ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। মেসির বাড়ানো বল দ্রুত এগিয়ে নিয়ে ডান পায়ের শটে বল জালে পাঠান আনসু ফাতি। ২৭ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন লুইজ সুয়ারেজ।

৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মেসি। পুজের ক্রস থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথায় জায়গা করে নিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে পাঠান বার্সা অধিনায়ক। বিরতির আগে জর্দি আলভা ক্রস থেকে হেড দিয়ে গোল করে ব্যবধান ৩-০ করেন সুয়ারেজ।

বিরতির পর আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় কাতালানরা। ৫৭ মিনিটে পুজের কাছ থেকে বল পেয়ে পেনাল্টি বক্সের ডান দিক দিয়ে ডান পায়ে আড়াআড়ি জোড়ালো শটে লক্ষ্যভেদ করেন নেলসন সেমেদো।

এরপর ৭৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান মেসি। আলবার বাড়ানো বল হাফ-ভলি বানিয়ে গোল করেন এই আর্জেন্টাইন প্লে-মেকার। এটি মেসির এবারের লিগে ২৫তম গোল। চার গোল কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন করিম বেনজেমা। এবার পিচিচি ট্রফি (লিগের সর্বোচ্চ গোলদাতা) জিতলে টেলমো জারাকে পিছনে ফেলে রেকর্ড সপ্তমবারের মতো এই ট্রফি জিতবেন মেসি।

ম্যাচের বাকিটা সময় বার্সা আর গোলের দেখা না পেলেও ৫-০ গোলের বড় জয় পায় স্প্যানিশ জায়ান্টরা। ৩৮ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে লিগ শেষ করলো বার্সা।

আগামী ৯ আগস্ট চ্যাম্পিয়ন লিগের দ্বিতীয় পর্বের ম্যাচে ইতালিয়ান ক্লাব নাপোলির মুখোমুখি হবে বার্সেলোনা।