দেশি-বিদেশি চক্রান্তে ২১ আগস্ট গ্রেনেড হামলা: রিজভী

অনলাইন ডেস্ক।।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা ছিল বড় ধরনের দেশি-বিদেশি চক্রান্ত ও ষড়যন্ত্রের ফল। চক্রান্তকারীদের পরিকল্পনা ছিল তৎকালীন বিএনপি সরকারের ভাবমূর্তি নষ্ট করা এবং ছলে-বলে-কৌশলে ক্ষমতায় এসে বিএনপি নেতাকে বিপর্যস্ত ও অভিযুক্ত করা।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মৎস্যজীবী দল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, তৎকালীন বিএনপি সরকারকে অভিযুক্ত করার জন্য পরিকল্পিতভাবে ২১ আগস্টের ঘটনা ঘটানো হয়েছিল। ওই ঘটনা যে পরিকল্পিত তা বোঝা যায়। হঠাৎ করে পুলিশকে না জানিয়ে মুক্তাঙ্গণ থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সমাবেশ নিয়ে যাওয়া হয়। এই পরিকল্পনার মধ্য দিয়ে বিএনপির ভাবমূর্তি নষ্ট করা এবং ছলে-বলে কৌশলে ক্ষমতায় এসে বিএনপির নেতৃবৃন্দকে বিপর্যস্ত করা, ফাঁসানো, অভিযুক্ত করা ও বিএনপি সরকারকে ফাঁসানোর কাজ করা হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বোমা হামলা এবং বিচারিক প্রক্রিয়া শুরু করার জন্য মাস্টার প্লান অনুযায়ী তা বাস্তবায়নের জন্য তাদের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে দিয়ে তদন্ত করিয়েছে।

তিনি বলেন, আজকে আমরা এমন একটি অবিচারের রাজ্যে বাস করছি। যেখানে চলছে ভয়ঙ্কর অবিচার। ন্যায় বিচার শুধু নিরুদ্দেশ নয়, ন্যায় বিচারের অর্থ কী এটা আগামী দিনের ছাত্ররা গবেষণা করার সুযোগ পাবেন। ন্যায় বিচার এখন দূরের তারা।

দেশে এখন গুমের বিষবৃক্ষ রোপন চলছে দাবি করে রিজভী বলেন, গুমের বিষবৃক্ষের মধ্য থেকে আজকে ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হীরো, হুমায়ুন কবীর পারভেজ নেই। বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে বিচারবহির্ভূত হত্যার শিকার করা হচ্ছে।

মৎস্যজীবী দলের আহবায়ক রফিকুল ইসলাম মাহতাবের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুর রহিমের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির হাবিব উন-নবী খান সোহেল, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।