দেশের সব মানুষই ভ্যাকসিন পাবে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক।।
পর্যায়ক্রমে দেশের সব মানুষই করোনার ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। রবিবার (০৮ নভেম্বর) সচিবালয়ে নিজ অফিস কক্ষে মন্ত্রী বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরানকে এ কথা জানান। এসময় তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে দুই দেশের স্বাস্থ্যখাত নিয়ে আলোচনা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশের করোনা পরিস্থিতি প্রসঙ্গে জানতে চান। স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ৫ নভেম্বর ভারতের সিরাম ইন্সটিটিউটের সঙ্গে বাংলাদেশের বেক্সিমকো ফার্মা ও স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা ভ্যাকসিন সংক্রান্ত একটি ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী ভারতীয় কোম্পানিটি বেক্সিমকো ফার্মার মাধ্যমে বাংলাদেশকে ৩ কোটি ভ্যাক্সিন দেবে। বাংলাদেশ সরকার প্রথমে ৩ কোটি ভ্যাক্সিন দিয়ে করোনা প্রতিরোধে কাজ শুরু করলেও পর্যায়ক্রমে আরও ভ্যাক্সিন আমদানি করে দেশের সব মানুষকেই ভ্যাক্সিন দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার।

এসময় করোনা ইস্যু ছাড়াও রোহিঙ্গা ইস্যু, কমিউনিটি ক্লিনিক সেবা, দেশের হাসপাতাল কার্যক্রম, হাম-রুবেলা টীকা, করোনার সেকেন্ড ওয়েভ মোকাবিলা, উভয় দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন জোরদার করা প্রসঙ্গেও আলোচনা করেন তারা।