দেশ চালাচ্ছে আমলারা: সরোয়ার

রূপালী ডেস্ক।।
বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার বলেছেন, দেশে এখন গণতন্ত্র নেই। আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করে দেশকে অনেক পিছনে ঠেলে দিয়েছে। এ কারণে রাজনীতিবিদরা নয়, দেশ চালাচ্ছে আমলারা। এমন অবস্থা দেশের জন্য মঙ্গলজনক নয়।

বুধবার (০১ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজিবর রহমান সরোয়ার বলেন, গণতন্ত্র নেই বলেই আজ দেশে আইনের শাসন নেই, ন্যায়বিচার নেই, সুশাসন নেই। গণতন্ত্র নেই বলেই আজ বরিশালে বিভিন্ন ঘটনা ঘটে। মানুষের ওপর চাপ পড়ছে, একদলীয় শাসন ব্যবস্থার মতো, অলিখিত সেই বাকশালকে তারা চালানোর চেষ্টা করছে। এ কারণে বরিশালের মানুষ আজ অতিষ্ঠ।

এ সময় দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন মজিবর রহমান সরোয়ার। সেই সঙ্গে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবি জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, সহ-সভাপতি সৈয়দ হাসান ও ফিরোজ আহমেদ, আলী হায়দার বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকবর, সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিন এবং মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল প্রেসক্লাবে পৃথক আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি। সংগঠনের সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন ও শাহ আমিনুল ইসলাম আমিনসহ অন্যরা।