দোল পূর্ণিমা

দোল পূর্ণিমা
-মাহফুজা রিনা

আজ দোল পূর্ণিমা, রঙে রঙে সেজেছে ধরণী,
আমরা দেখবো না আর রঙের খেলা?
তুমি দেখবে তো?

দেখো ওরা আজ রঙ খেলবে,
বাহারি আবিরে রাঙাবে মন।
হঠাৎ করে ছুড়ে দেবে মুঠো মুঠো রঙ।
চমকে উঠবো আমরা!
তুমি আমাকে আড়াল করবে বাহুডোরে,
আমি চোখ বন্ধ করে নিবো।

আচ্ছা! কি রঙ খেলবে ওরা?
লাল, গোলাপি, সবুজ, বেগুনি না-কি নীল?
নীল,,,,,? কতো টা নীল, আকাশের মতো?

দেখো আজ মিশে যাবে ওরা ছলাৎ ছলাৎ রঙ প্লাবনে।
ওরা যে নাচের ঢেউ তুলবে তুমি দেখবে না?

আচ্ছা! তোমার মনে আছে তুমি একদিন বলেছিলে
এমনি কোন এক দোল পূর্ণিমায় আমায় নিয়ে যাবে
শান্তিনিকেতনে দোল উৎসব দেখাতে।
বছরের পর বছর চলে যাচ্ছে,
কবে নিয়ে যাবে আমাকে?
আমি যে প্রতিক্ষায় আছি তুমি জানো না?

মর্মে মর্মে অনুভবে যে রঙ আছে,
সে রঙ ছড়াবে আকাশে বাতাসে পৃথিবী প্রাঙ্গণে…
সে রঙ নিও আপন করে তোমার মনের কোণে।
হৃদয়ে যদি পুলক জাগে সেই ক্ষণে,
বুঝে নিও অলিরা সব পরাগ মাখে ফুলবনে।

রচনা: ০৭.০৪.২০২১