ধর্ষকদের দ্রুত বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক।।
ধর্ষকদের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তির দাবিতে বরিশালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০১ অক্টোবর) নগরীর সদর রোড বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এর আগে টাউন হলের সামনে এক সমাবেশে ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম সভাপতির বক্তব্যে বলেন, সারাদেশে অপরাধের মহোৎসব চলছে। ক্যাম্পাসগুলো ক্ষমতাসীনদের ক্ষমতায়নে অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ধর্ষণ ও সহিংসতা জেকে বসেছে মহামারীর ন্যায়। বাংলাদেশে গত ৬ বছরে ৫৪২২ জন নারী ধর্ষিত হয়েছে, যার ২৩০২ জনই ২০১৯-২০২০ সালে। দ্রুত বিচার আইনে ধর্ষণ মামলার বিচার ১৮০ দিনের মধ্যে হওয়ার কথা থাকলেও উল্লেখযোগ্য পরিমাণ বিচার দেশবাসীর কাছে দৃষ্টিগোচর হয়নি। এহেন বিচারহীনতা ও ক্ষমতার অপব্যবহার ধর্ষকদের শুধু উৎসাহই দিচ্ছে না বরং সকল অপরাধীর হাতকে মজবুত করছে।

তিনি আরো বলেন, সিলেট এমসি কলেজে ছাত্রলীগ শুধু মাত্র নববধূর ইজ্জতকে কলঙ্কিত করেনি তারা বাংলাদেশকে কলঙ্কিত করেছে। তাই এমন আর কোন ঘটনা ঘটার আগেই বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে।

বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ লুৎফর রহমান, প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান রাষ্ট্রের বিচার ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে।ক্ষমতার ছত্রছায়ায় বেরিয়ে যাচ্ছে রাঘব বোয়ালরা। আজ কোথায় কুমিল্লার তনু হত্যার বিচার? মেজর সিনহা হত্যার বিচারে এতো গড়িমসি কেন? জাতি জানতে চায়।

তিনি আরো বলেন, বিচারহীনতার কারনে দিনদিন নারী সহিংসতা জ্যামিতিক হারে বেড়েই চলছে। জনতা যদি এখন রুখে না দাঁড়ায় তাহলে ভবিষ্যতে চরম খেসারত দিতে হবে।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ ইব্রাহীম খানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন শাখার সহ-সভাপতি মুহাম্মাদ সালমান ফারসী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মুহাম্মাদ ইয়াকুব সিয়াম, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক তানভীর আহমাদ, কওমী মাদ্রাসা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, স্কুল বিষয়ক সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম,ছাত্র কল্যাণ সম্পাদক তৈয়বুর রহমান বাশার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাজমুল ইসলাম সুজন,সদস্য মুহাম্মাদ, আলমগীর হোসাইন এবং থানা ও ক্যাম্পাস নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল জজকোর্ট, চকবাজার ও লাইন রোড এলাকা প্রদক্ষিণ করে।