ধর্ষণের কথা পুলিশকে জানাতে চাওয়ায় নীলাকে হত্যা: পুলিশ

অনলাইন ডেস্ক।।
রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের একটি কলাবাগান থেকে নীলা বেগম ওরফে ঝর্ণা নামে এক তরুণীর লাশ উদ্ধারের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এঘটনায় পুলিশ বুধবার (২৪ মার্চ) রাতে চারজনকে গ্রেপ্তার করেছে।

তারা হলেন- নয়ন, অনিক, সুমন ও হাসিব। তাদের সবার বাড়ি একই উপজেলার কলকলিয়া গ্রামে। তারা নীলাকে ধর্ষণের পর হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।

কালুখালী থানার ওসি মাসুদুর রহমান জানান, বুধবার সকালে তরুণীর লাশ উদ্ধারের পর পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। এক পর্যায়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে রাতে তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের কাছে তারা স্বীকার করেছে তরুণীকে বাড়ি থেকে ডেকে নিয়ে তারা ধর্ষণ করেছেন। পরে তরুণী বিষয়টি পুলিশকে জানানোর কথা বললে তারা শ্বাসরোধে তাকে হত্যা করে ফেলে রেখে যায়। বৃহস্পতিবার (২৫ মার্চ) গ্রেপ্তারদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার সকালে বাড়ি থেকে আনুমানিক তিনশ গজ দূরে একটি কলাবাগান থেকে নীলা বেগম ওরফে ঝর্ণা নামে ওই তরুণীর বিবস্ত্র লাশ উদ্ধার করে কালুখালী থানার পুলিশ। তিনি একই উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরসিলকা গ্রামের আবু হোসেনের মেয়ে।