নবাব এলএলবি চলচ্চিত্রের পরিচালক-অভিনেতা কারাগারে

বিনোদন ডেস্ক।।
পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় ‘নবাব এলএলবি’ চলচ্চিত্রের পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহিন মৃধাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২৫ ডিসেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবুল কালাম আজাদ তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে। এ সময় রমনা থানায় করা পর্নোগ্রাফি আইনে করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

‘নবাব এলএলবি’ চলচ্চিত্রে পুলিশকে নিয়ে অশালীন সংলাপের অভিযোগে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) তাদের আটক করা হয়। এরপর ডিবির পুলিশ পরিদর্শক কাজী মো. নাসিরুল মামুন রমনা থানায় পর্নোগ্রাফি আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।