নভেম্বরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

অনলাইন ডেস্ক।।
নভেম্বর মাসে বঙ্গোপসাগরে একটি বা দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

নভেম্বর মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য দিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (০২ নভেম্বর) বেলা ১১টায় বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভা থেকে নভেম্বর মাসের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

সভায় অক্টোবর মাসের আবহাওয়ার বিভিন্ন তথ্য ও উপাত্ত পর্যালোচিত হয়। এতে দেখা যায় অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হলেও নভেম্বর মাসে বৃষ্টিপাত স্বাভাবিক হতে পারে।

নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে- এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমবে। গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে।