নলছিটিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোঃ মিজানুর রহমান, নলছিটি (ঝালকাঠি)।।
ঝালকাঠির নলছিটিতে ২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নলছিটি উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৬ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

রবিবার (১১ এপ্রিল) সকাল ১১ টায় নলছিটি উপজেলা পরিষদের কৃষি অফিস চত্ত্বরে কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।

উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।

উপজেলা চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান বলেন, করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ করছেন।আপনারা এই সার বীজ কাজে লাগিয়ে নলছিটির কৃষিকে এগিয়ে নিবেন।