নলছিটিতে জমি নিয়ে সংঘর্ষে আহত ২

নলছিটি প্রতিনিধি।।
ঝালকাঠির নলছিটিতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুই পক্ষের দু’জন আহত হয়েছে। রবিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় নলছিটি পৌরসভার ফেরিঘাট সড়কের প্রতিবেশী দুই বাড়ি মালিক মোঃ মনিরুজ্জামান ও আনিছুর রহমানের মধ্যে জমি নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

দু’পক্ষের তর্কবিতর্কের একপর্যায়ে মোঃ মনিরুজ্জামানের মাথায় গুরুতর জখম হয় এবং প্রতিবেশী শিরীন বেগম পায়ে জখম হয়। আহত মনিরুজ্জামান ও শিরীন বেগমকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মাথা ও পায়ের আঘাত গুরুতর দেখে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন।

আহত মনিরুজ্জামানের স্ত্রী মোসা: খাদিজা বেগম জানান, আমার প্রতিবেশী শিরীন বেগম ও তার স্বামী মোঃ আনিছুর রহমান দম্পতি আমার নির্মাণাধীন ভবনের কাজে বাধা দেয়। আমার স্বামী বাঁধা দেয়ায় কারন জানতে চাইলে শিরীন বেগম ও তার স্বামী আনিছুর রহমান আমার স্বামীর মাথার অজ্ঞাত করে।

আহত শিরীন বেগমের স্বামী মোঃ আনিছুর রহমান জানান, আমার ক্রয় কৃত সম্পত্তিতে মোঃ মনিরুজ্জামান বিল্ডিং নির্মাণ করছিল। আমার স্ত্রী বাধা দিলে তারা আমার স্ত্রীকে পিটিয়ে পা ভেঙে দেয়। তিনি এখন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আহম্মদ জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কোন পক্ষ নলছিটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।