নলছিটিতে নৌকা প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন

নলছিটি প্রতিনিধি।।
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকা মার্কায় মনোনীত চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণার একটি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসের চেয়ার-টেবিল, কাপড় ও নৌকা প্রতীক সম্বলিত ডিজিটাল ব্যানার ও অসংখ্য পোস্টার পুড়ে গেছে।

শুক্রবার (১৮ জুন) বেলা ১০টার দিকে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন বাবুল মৃধা এই অভিযোগ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগের ঘটনাটি প্রথমে ওই এলাকায় ডিউটিরত পুলিশ সদস্যরা দেখতে পেয়ে ছুটে যান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন।

আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোহরাব হোসেন বাবুল মৃধা বলেন, আমার নির্বাচনী প্রচারণার জন্য ২ নং ওয়ার্ডের তিমিরকাঠি হাইস্কুল সংলগ্ন দলীয় নিবাচনী কার্যালয় শুক্রবার (১৮ জুন) রাত দেড়টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ মিজানুর রহমান হাওলাদার বহিরাগত লোকজন দিয়ে এই অফিসটিতে অগ্নিসংযোগ করেছে বলে আমি মনে করি।
তিনি দ্রুত এই ঘটনায় সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ মিজানুর রহমান হাওলাদার জানান, আমি ও আমার পরিবার আওয়ামী লীগ পরিবার। অগ্নিসংযোগের বিষয়ে আমি ও আমার কর্মী-সমর্থকরা কেউ জড়িত নয়। অগ্নিসংযোগের ঘটনার রাতে আমি বরিশাল মেট্রোপলিটন এলাকায় ছিলাম। যার সিসি ফুটেজ প্রমাণ মিলবে এবং আমার ব্যবহৃত মোবাইল নাম্বার জিপিআরএস ট্যাগ করলে প্রমাণ পাওয়া যাবে।
তদন্ত পূর্বক এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঃ আতাউর রহমান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।