নলছিটিতে ফলের বাগানে বিএনপি নেতার তান্ডব

নলছিটি প্রতিনিধি।।
গাছের সাথে এ কেমন শত্রুতা! নলছিটির চরকয়া গ্রামের মোঃ নাছির উদ্দিন মল্লিকসহ কয়েকজন কৃষকের আম, পেয়ারা, লেবু, মালটা, পেঁপে, লাউ, কুমড়াসহ পাঁচ শতাধিক গাছ দপদপিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ ফারুক হোসেনের নেতৃত্বে ৪০/৫০ জন লোক দিবালোকে কেটে ফেলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুর ২ টায় দিকে দপদপিয়া ইউনিয়নের চরকয়া গ্রামে এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক মোঃ নাছির উদ্দিন চরকয়া গ্রামের আব্দুল বারেক মল্লিকের ছেলে। ক্ষতিগ্রস্থ বাগানিরা বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমাদের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়ন এর ছাগলদি গ্রামের ফলদ বাগানে দিনেদুপুরে দপদপিয়ার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন বিশাল বাহিনী নিয়ে আমাদের ৩ টি ফলদ বাগানের গাছ কেটে ফেলে এবং আমার পত্রিক সূত্রে প্রাপ্ত ৩ একর জমির ইরি/বোরো ধান কেটে নিয়ে যায়। এতে আমার ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে মোঃ মোতাহার হোসেন মল্লিক বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত ফারুক হোসেনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, এই সম্পত্তি আমার। আমি আমার সম্পত্তি পরিষ্কার করেছি।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।