নলছিটি পৌরসভার চেক জালিয়াতি: স্বামী-স্ত্রী বরখাস্ত

মোঃ মিজানুর রহমান, নলছিটি (ঝালকাঠি)।।
ঝালকাঠির নলছিটি পৌরসভার ৪ লক্ষ টাকার চেক জালিয়াতির চেষ্টায় হিসাব রক্ষক রেখা বেগম ও ইলেকট্রিশিয়ান সিরাজুল ইসলাম লিজন ওরফে টুলুকে সাময়িক বরখাস্ত করেছে পৌর পরিষদ।

বুধবার (২৮ জুলাই) নলছিটি পৌর পরিষদের এক সভায় তাদেরকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নলছিটি পৌরসভার মুখপাত্র ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী জানিয়েছেন।

উল্লেখ্য, গত ২৬ জুলাই মেয়র ও সচিবের স্বাক্ষর জালিয়াতি করে নলছিটি সোনালী ব্যাংক শাখা থেকে ৪ লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাতের চেষ্টাকালীন তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। বর্তমানে ওই দম্পতি জেল হাজতে রয়েছে।

ওই ঘটনায় পৌর মেয়র বাদী হয়ে, তিন জনকে আসামি করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় বর্তমানে দুজন আটক ও একজন পলাতক রয়েছে।