নাজিরপুরে ২ যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা

অনলাইন ডেস্ক।।
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠীতে দুই যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিয়েছেন সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা অপর এক যুবলীগ নেতাকে পিটিয়ে গুরুতর আহত করেন। মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলো উপজেলা যুবলীগের সহ-সভাপতি এবং মো. ফারুক হাওলাদার, শ্রীরামকাঠী ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিঠু এবং সহ-সভাপতি রনি হাওলাদার। গুরুতর আহত রনি হাওলাদার ও মিজানুর রহমান মিঠুকে রাতেই উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হামলায় আহত উপজেলা যুবলীগের সহ-সভাপতি ফারুক হাওলাদার বলেন, রাতে নাজিরপুরে দলীয় কাজ সেরে তিন জন একটি মোটরসাইকেলে করে শ্রীরামকাঠী বন্দরের দিকে যাচ্ছিলাম। এসময় শ্রীরামকাঠী বন্দরের কাছাকাছি ভীমকাঠীর বালাবাড়ির কাছে পৌঁছালে মোটরসাইকেলের আলোতে দেখতে পাই সড়কের ওপর গাছের গুড়ি ফেলা রয়েছে। সেখানে পৌঁছাতেই সড়কের দু’পাশ থেকে অপেক্ষায় থাকা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মো. আরিফুর রহমান সবুজ ও স্থানীয় মহিউদ্দিনের নেতৃত্বে প্রায় ২৫-৩০ সন্ত্রাসী দা-লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইশিতা সাধক নিপু জানান, হামলায় মিজানুর রহমান মিঠুর বাম হাত-পা ও ডান পা ভেঙে গেছে। এ ছাড়া তার মাথায় গুরুতর জখম রয়েছে। রনির দুই হাত-পা ভেঙে গেছে। তার মাথায়ও গুরুতর জখম রয়েছে। তার নাক-মুখেও আঘাত রয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাজিরপুর থানার ওসি মো. আশ্রাফুজ্জামান জানান, রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।