নারীর নিরাপত্তায় পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করুন: রিজভী

অনলাইন ডেস্ক।।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সারাদেশে নারীর নিরাপত্তা দিতে গ্রামে-পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আজকে মুক্তিযুদ্ধের প্রজন্ম যাদের পূর্ব পুরুষরা এই দেশ রক্ষা করার জন্য পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে তাদেরকে প্রস্তুত থাকতে হবে। গ্রামে গ্রামে, পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গঠন করতে হবে।

রোববার (০৪ অক্টোবর) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম মহানগর দক্ষিণের উদ্যোগে সারাদেশে নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এসব বলেন।

রিজভী বলেন, আজও আমরা পরাধীন। এই স্বাধীন দেশ আওয়ামী লীগ দখল করে অনাচার করছে, লুটপাট করছে, নারীর সম্ভ্রম হানি করছে। জনগণের ঐক্যছাড়া, জনগণের ব্যারিকেড ছাড়া, এটা প্রতিহত করা ছাড়া কারো নিস্তার নেই।

মানুষের পাশে কেউ নেই, আওয়ামী লীগ আছে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এরকম বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, মানুষের দুঃখ-দুর্দশা, করোনায় মানুষের আক্রান্ত হওয়া, দেশে কোনো স্বাস্থ্য সেবা নেই। মানুষ হাহাকার করছে। এই ঢাকা শহরে ৬৮ ভাগ মানুষ এখন কর্মহীন, এদের কর্ম নাই। আওয়ামী লীগ তাদের পাশে নেই, জনগণের পাশে নেই।

তিনি বলেন, করোনায় দুর্গতদের যে ত্রাণ দেওয়া হয় সেই ত্রাণ আত্মসাতের জন্য মানুষের পাশে আছে আওয়ামী লীগ। সেই ত্রাণ পাওয়া যায় আওয়ামী লীগ নেতার খাটের নিচ থেকে, ঘরের পালার ভেতর থেকে, মাটির নিচ থেকে ত্রাণের চাল-তেল পাওয়া যায়। এই লুটপাটের মাধ্যমে আওয়ামী লীগ মানুষের পাশে আছে।

সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শ্যামা ওবায়েদ, সহ-সভাপতি ফারজানা শারমিন ও কৃষক দলের শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ বক্তব্য রাখেন।