নিজের পারফরম্যান্স নিয়ে হতাশ আল আমিন

স্পোর্টস ডেস্ক।।
দীর্ঘ বিরতির পর সর্বশেষ আন্তর্জাতিক সিরিজের দলে ছিলেন আল আমিন হোসেন। গত ৩ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচটিতে খেলেছেনও। কিন্তু প্রত্যাবর্তন ম্যাচটি একদমই ভালো যায়নি এই পেসারের। ১০ ওভারে ৮৫ রান খরচায় নিয়েছিলেন একটি উইকেট। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও খুব ভালো করতে পারেননি। জেমকন খুলনার হয়ে ৯ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন। নিজের পারফরম্যান্সে নিজেই হতাশ তিনি।

টি-টোয়েন্টি কাপের পর এক সপ্তাহ বিশ্রামে কাটিয়ে অনুশীলনে ফিরেছেন অনেক ক্রিকেটার। শনিবার মিরপুরে রানিং সেশন শেষ করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আল আমিন নিজের হতাশার কথা জানিয়েছেন, ‘আমি বলবো সব মিলিয়ে ভালো হয়নি, অবশ্যই আরও ভালো হওয়া উচিত ছিল।’

এমন পারফরম্যান্সের পরও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলার স্বপ্ন আল আমিনের, ‘’সবসময়ই ন্যাশনাল টিমে খেলার টার্গেট থাকে। সুযোগ পেলে এমন কিছু করতে চাই যাতে বাংলাদেশের জয়ে ভূমিকা থাকে। আমিও থাকবো কি না এটা আসলে টিম ম্যানেজমেন্ট বা সিলেক্টর যারা আছেন বা কোচিং স্টাফ যারা আছেন তারা ভালো বুঝবেন।’ জেমকন খুলনার জার্সিতে শিরোপা জেতার অনুভূতি নিয়ে এক সপ্তাহ মাঠের বাইরে ছিলেন আল আমিন। মাঠে ফিরে প্রস্তুতি নিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ সফর সামনে রেখে।

আগামী কয়েকদিনের মধ্যেই বোলিং অনুশীলন শুরু করবেন বলে জানালেন তিনি, ‘আমরা ফাইনাল খেলেছি ১৮ তারিখে, তারপরে ৮-৯ দিন যাবত কিছুই করা হয় না। সেই হিসাবেই মাঠে আসা, আস্তে আস্তে রানিংটা শুরু করেছি, কাল (রবিবার) থেকে জিম। আরো ৩-৪ দিন ফিটনেস নিয়ে কাজ করার পর বোলিংটা শুরু করবো।’ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডে দলে মাশরাফি থাকলে দলের জন্য দারুণ হবে বলে মনে করেন আল আমিন, ‘ওনার সাথে খেলেছি, সবকিছু মিলিয়ে উনি খুব ভাল একজন লিডার। মাশরাফি ভাই অনেকদিন ইনজুরিতে থাকার পরও গত টুর্নামেন্টে ভালো খেলেছেন। আমার কাছে মনে হয় উনি ভাল শেপে আছেন, যদি টিমে সিলেক্ট হয় তাহলে দলের জন্য ভাল হবে।’