নিষিদ্ধ হলেন বলিউড নির্মাতা রাম গোপাল ভার্মা

বিনোদন ডেস্ক।।
অবশেষে ভারতীয় সিনেমার খ্যতিমান পরিচালক রাম গোপালের বিরুদ্ধে বেশ জটিল সিদ্ধান্তে উপনীত হলো সিনেমা কর্মীরা। তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে ইমপ্লোইয়ি (এফডব্লিউআইসিসি)-এর পক্ষ থেকে।

সম্প্রতি সংগঠনটি এক সিদ্ধান্তে জানিয়েছে, তাদের ৩২টি ইউনিয়ন ভবিষ্যতে পরিচালক রাম গোপাল ভার্মার সাথে আর কাজ করবে না।

চলচ্চিত্রের শিল্পী, প্রযুক্তিবিদ ও কর্মীদের প্রায় ১ কোটি ২৫ লাখ রুপি না দেওয়ার অভিযোগে এই সিদ্ধন্ত নিয়েছেন তারা।

এফডব্লিউআইসির সভাপতি বিএন তিওয়ারির মতে, ‘সাধারণ সম্পাদক অশোক দুবে এবং কোষাধ্যক্ষ গঙ্গেশ্বর লাল শ্রীবাস্তব (সঞ্জু) গত বছরেই রাম গোপাল ভার্মাকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন। তবে রাম সে নোটিশের জবাব দেননি। বকেয়াও পরিশোধের ব্যাপারেও কোনো কিছু জানাননি।

গত বছরের ১৭ সেপ্টেম্বর রামু এফডব্লিউআইসির কাছ থেকে একটি চিঠি পেয়েছিল যাতে পাওনাদারদের পুরো বিবরণসহ সবকিছুই উল্লেখ করা ছিল। এমনকি এর আগেও বেশ কয়েকবার মৌখিকভাবেও তাকে সতর্কতা করা হয়েছে। কিন্তু তিনি কোনো ভাবান্তর দেখাচ্ছেন না।’

বাধ্য হয়ে এই নন্দিত পরিচালককে বয়কটের ডাক দিয়েছে এফডব্লিউআইসিসি।

প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে ভারতের গোয়ায় একটি নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন রাম গোপাল ভার্মা। তবে সিনেমাটি শেষ করতে পারেননি তিনি। পাওনাদারদের টাকা পরিশোধ না করায় সমিতির সিদ্ধান্তে শুটিং বন্ধ করে দিতে হয়েছিলো তাকে।