নীলিমার আঁখি

নীলিমার আঁখি
-মাহফুজা রিনা

আমি নীলিমার আঁখি,
নেশা ঘোর চোখের স্বপন,
কৃষ্ণকালো তৃষিত ভ্রমরের
মতো ঘুরে মরে মন।

আমি ষোড়শীর অস্তাচলে
লুকানো দিঘল চুলের বেণি,
কেউ দেখেনি কভু আমায়,
কখনো জানতে পারেনি।

তার চারপাশের ভিড়ে
আমি যখন হারিয়ে গিয়েছি,
কেউ তখন কাছে এসে দাঁড়ায়নি পাশে,
সে যে মিশে গিয়েছিলে সেই ভিড়ে
সাজানো পসরার মাঝে।

তার সাজানো পথের পানে
ভেজা চোখ চেয়ে থাকে চুপে,
অজানা পথের মাঝে গোধূলির
কুয়াশায় সে যে আছে ডুবে।

পূবালী হাওয়ায় মিশে যাবে
ভোরে আকাশের আবছায়া ফুঁড়ে,
জোনাকির মতো সে যে মিলিয়ে
যাবে আঁধারে উড়ে উড়ে।

জানবে না সে কবে কোন পথে
হায় কি গেছে হারিয়ে,
হারিয়ে পথে খোঁজে একা নিরালায়
অন্ধকারে হাত বাড়িয়ে।

রচনা: ২৬.০৭.২০২০