নেক্সাস টিভির সম্প্রচার শুরু ৩০ জুলাই

গণমাধ্যম ডেস্ক।।
‘জীবনের বন্ধন’ স্লোগানকে ধারণ করে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল নেক্সাস টিভির বাণিজ্যিক সম্প্রচার শুরু হতে যাচ্ছে আগামী শুক্রবার (৩০ জুলাই)।

নেক্সাস টিভির সম্প্রচার শুরু করতে এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মালিকানায় রয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান এস. আলম গ্রুপ।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ছয়টায় অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের ঘোষণার মধ্য দিয়ে শুরু হবে নতুন এ গণমাধ্যমের আনুষ্ঠানিক যাত্রা।

এ বিষয়ে নেক্সাস টিভির কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর আমীন আল রশীদ বলেন, আমরা এখন ব্যস্ততার মধ্য দিয়ে সময় পার করছি। আগামী শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা ছয়টা থেকে আমাদের স্বপ্নের প্রতিষ্ঠানের যাত্রা শুরু হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজধানীর সব এলাকা এবং সারাদেশে এ চ্যানেলের অনুষ্ঠান দেখতে কিছুটা সময় লাগবে। তবে যত দ্রুত সম্ভব দেশের সবখানে চ্যানেলের সম্প্রচারের চেষ্টা করা করা হচ্ছে। বাংলাদেশের টেলিভিশন জগতে নতুন কিছু যুক্ত হবে বলে মনে করছেন তারা।

দেশের প্রথম নন-ফিকশন টিভি চ্যানেল হতে যাচ্ছে নেক্সাস টিভি। এতে সংবাদ, নাটক, সিনেমা বা মিউজিক্যাল শো থাকবে না। কারেন্ট অ্যাফেয়ার্সভিত্তিক লাইভ ও রেকর্ডেড অনুষ্ঠান প্রচারিত হবে। প্রতিদিন একটি থিমের ওপর ভিত্তি করে সারাদিনের অনুষ্ঠান সাজানো হবে।