নেতাদের হত্যা করতে ভেনিজুয়েলায় সাগরপথে সন্ত্রাসীরা, নিহত-৮

আন্তর্জাতিক ডেস্ক।।
ভেনিজুয়েলার নেতাদের হত্যা করতে কলম্বিয়া থেকে সাগর পথে একটি সন্ত্রাসী দল প্রবেশের চেষ্টা করেছে। এ সময় ভেনিজুয়েলার নিরাপত্তা বাহিনীর গুলিতে ৮ সন্ত্রাসী নিহত হয়েছেন।

ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী নেসটোর রেভেরোল জানিয়েছেন, ভেনিজুয়েলার কয়েক জন নেতাকে হত্যা করতে সাগর পথে স্পিড বোটের সাহায্যে একদল সন্ত্রাসী বন্দর নগরী ‘লা গুয়াইরা’র সমুদ্র সৈকতে পৌঁছালে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয় বলে।

তিনি বলেছেন, রোববার ভোরে সন্ত্রাসীরা ভেনিজুয়েলায় পৌঁছায়। প্রতিবেশী কলম্বিয়া থেকে আসা এসব সন্ত্রাসীর পেছনে রয়েছে বিদেশি শক্তি। শত্রুদের ভাড়াটে সন্ত্রাসী দলের দুই সদস্যকে জীবিত অবস্থায় আটক করা সম্ভব হয়েছে বলেও তিনি জানান।

‘লা গুয়াইরা’ শহর থেকে রাজধানী কারাকাসের দূরত্ব মাত্র ৩২ কিলোমিটার। ওই শহরে অবস্থান নিয়ে সহজেই রাজধানীতে নাশকতা চালানো সম্ভব হতো। স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুদের এই নৌ আগ্রাসন মোকাবেলায় ভূমিকা রাখার জন্য গোয়েন্দা বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তবে এরই মধ্যে ভেনিজুয়েলায় মার্কিন সমর্থিত অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে দেশটি। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে এ অভ্যুত্থান চেষ্টা হয়েছিল বলে দাবি করা হয়েছে।