নোয়াখালীতে গাছের সাথে বরযাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ১, আশঙ্কাজনক ৩

মোঃ ইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর টু আলেকজান্ডার সড়কের সমিতি মসজিদ এলাকায় শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বরযাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছের সাথে ধাক্কা খায়। এসময় যাত্রী সুমি আক্তার (৩০) নিহত হন। এঘটনায় নারী পুরুষ ও শিশুসহ অন্তত ১২ যাত্রী আহত হয়েছে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম পাঠানো হয়েছে এবং ১ জনকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

নিহত গৃহবধূ সুমি আক্তারের বাড়ি জেলার সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়ন। সে ওই ইউপির ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব এওজবালিয়া গ্রামের দুলাল মিয়ার মেয়ে। তবে তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে সোনাপুর টু আলেকজান্ডার সড়কের সমিতি মসজিদ এলাকায় বরযাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মান্নাননগর থেকে লক্ষীপুর জেলার রামগতি উপজেলায় বিয়ে বাড়িতে যাচ্ছিল বাসটি। যাত্রাপথে বাসটি পার্শ্ববর্তী কালাদরাপ ইউনিয়নের সমিতি মসজিদ এলাকায় পৌঁছালে বাসের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বাসে ৪০-৫০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ১ নারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ১২ জন। আহতরা ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

সুধারাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে এ ঘটনায় আইনানুগ প্রদক্ষেপ গ্রহণ করা হবে।