নোয়াখালী কবিরহাটে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, নানা গ্রেপ্তার

মোঃইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নে প্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্ত আবুল হোসেন (হোসেন মেম্বার) কে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হোসেন মেম্বার সম্পর্কে ওই কিশোরীর নানা হন। শনিবার (২০ মার্চ) দুপুরে মধ্য সোনাদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত হোসেন মেম্বার ওই গ্রামের আলতাফ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী বিদেশ থাকার সুবাধে প্রতিবন্ধী মেয়ে ও এক ছেলেকে নিয়ে বাবার বাড়ি মধ্য সোনাদিয়া গ্রামের থাকেন মামলার বাদী। গত শুক্রবার (১৯ মার্চ) বিকেলে বিদেশ থেকে স্বামীর কল আসায় মোবাইল নিয়ে বাড়ির পাশে গিয়ে কথা বলেন মামলার বাদী। এ সময় তার শারীরিক প্রতিবন্ধী মেয়ে ঘরে একা ছিল। বিকেল ৫টার দিকে কথা শেষ করে ঘরে ফিরে দেখেন তাদের ঘরের মেঝেতে ফেলে তার মেয়েকে মুখ চেপে ধরে ধর্ষণ করছে হোসেন মেম্বার। এ সময় মেয়ের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে হোসেন মেম্বার পালিয়ে যান।

কবিরহাট থানার ওসি টমাস বড়ুয়া মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে ওই কিশোরীর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত হোসেন মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।