নোয়াখালী ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

মো. ইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালীর হাতিয়ায় ডোবা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বুড়িরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গুল্যাখালী গ্রামে সোমবার (২৩ আগস্ট) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম নিশ্চিত করেছেন।

ওসি জানান, গুল্যাখালী গ্রামের হাজি শাহজাহানের বাড়ির দক্ষিণ পাশে একটি ডোবায় সোমবার রাতে নবজাতকের ভাসমান মরদেহটি দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটির জন্মের পরই ডোবায় ফেলে দিয়ে যাওয়া হয়েছে।

ময়নাতদন্ত রিপোর্ট পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।